শ্রুতি, শ্রদ্ধা, জ্ঞান
সমীপে হাজির কল্পনা
শুদ্ধ সত্ত্বা লেখনী হয়ে
সাজায় বোধে আল্পনা
ভাবো যদি তুমিই ব্রহ্ম
অপসংস্কৃতি রবে দূরে
স্রষ্ঠা নিত্য সহায় হয়ে
আত্মজ্ঞানে রবে জুড়ে
শ্রদ্ধা মানেই সুসংকল্প
সুসংস্কৃতির অধিষ্ঠান
হবেই হবে আত্মা শুদ্ধ
ইষ্টপূরণ বাড়বে মান
গুরু বাণী রতন মেনে
ধারণ করো মনমাঝে
ইষ্ট রূপে ভজন পূজন
ভরসাটা সকাল সাঁঝে
জ্ঞান অর্জন সৃজনসম
সৃষ্টি আধার পূর্ণ করে
অজ্ঞানীর আঁধার মুছে
সমাজের সুস্বাস্থ্য গড়ে।
সৃজনে হোক আত্মপ্রকাশ
আত্মচেতনার দর্শনে
প্রদর্শন হোক মনোরথ
সহায়তায় অশ্রু বর্ষণে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন