আঁধার হতে পূর্ণ প্রভা


 

তিমির আঁধার, ঘন তমসার ঘোর
বিস্ময় কেন সখা? অনন্ত আবিলতা,
এ যে প্রকৃতি সৃষ্টির সাথে বয়ে আনা
হরষ, বিষাদ, মায়াময় কালচক্র।
কেন তার সমালোচনার ভাগিদার
হই, অপ্রিয় সত্যের বৃথা অপলাপ
করে, আঁধার মাখি অলস অবসাদে।
নিজেকে প্রশ্ন করে হইনাতো কুন্ঠিত!
কত শত চিন্তার উদয় অস্ত কালে
সমীচীন ভাবনাতে হই কি জাগ্রত?
বোধের অগ্নিশিখায় আত্মারে পুড়িয়ে
শুদ্ধ স্বত্ত্বা, শুভ ভাবাবেসে মাতি বলো?
ললাটের মধ্যস্থতায় প্রাপ্ত জয়ের
হাতছানিতে সারা রাত জাগরণের
আচ্ছন্নতায় ঘিরে রাখি, আপন আশা-
ভরসার মোহপাশে ঘেরা বৃত্তি পথ।
লক্ষ্যভ্রষ্ট পথিকের ন্যায় হেঁটে চলা,
সুদূরপ্রসারী পথের ভ্রান্ত দিশায়।
স্বপ্নিল ভাবাবেগের বিলাস ব্যসনে
মগ্ন হয় অপরিণত দর্শন বোধ।

তঞ্চকতায় বাজি জিতে তৃপ্ত হৃদয়ে
অতৃপ্ত বিষদৃষ্টির আবদ্ধ বন্ধনে,
অবোধ আমিত্বের ঝকমকে জৌলুসে
বুঝিনা- এ বাহার সহজে ফিকে হয়।
অদৃষ্টের পরিহাস খোলা হাওয়ায় 
দৃষ্টিগোচর হয় সাদা কালো মনের
সনে, কেহ হাসে-কেহ কাঁদে, না ভেবে
চকিত ধ্বংস লীলার গূঢ় ইতিকথা।
আশঙ্কা প্রাসঙ্গিক, তবু ন্যায়ের স্তম্ভ
গুড়িয়ে, অন্তরে অহমিকা প্রতিষ্ঠিত!
অহমে আঁধারময় অজ্ঞতাকে ত্যাগ
বিনা আলোর প্রকাশ অসম্ভব প্রায়।
উষার প্রকাশ গায়ে মেখে দীপ্তিময়
করতে পারি তো নিজ স্বত্তার আধার।
সহজাত সততায় জ্ঞানালোকে স্নাত
হয়ে, মুক্ত করি আঁধারে ঘেরা সমাজ।
দিবাকর যেমতি দ্বিধাহীন অক্লান্ত
দান করে চলে, তাঁর আলোমাখা প্রেম,
হৃদয়ের বিরামহীন মাধুর্য ভাতি,
সেইরূপ হতে চাওয়া অপরাধ কি?

মোহমোহী নীলে ঝলমলে স্নিগ্ধতার
আলোকিত রূপে, শীতল নিশাকরের
মুগ্ধতায়, কলমে আঁচড়ী অক্ষরের
আবেশে জাগরূক কবিত্বের প্রকাশ।
গন্ধ পুষ্পে কেন পূজি না উদিত বোধ!
চন্দনের সুবাসে স্নেহ, প্রীতি, বন্ধনে,
অন্তরের মঙ্গল মনোভাসে মান্যতা
পাক, পরিপূরক আলোকময় স্তুতি।
বাতি স্তম্ভের আলোকে যারপরনাই
আতঙ্কগ্রস্ত বিকার দূর হয় কিন্তু
স্বপ্ন সন্ধানী দূরাত্মার আলো যে মেঘে
মেঘে ঢাকা পড়ে বিপন্ন অহংকারে।
অন্তহীন প্রচেষ্টার অবিনশ্বরতা
বিরল নয়! অতীত থেকে বর্তমানে
আলো আঁধারের সম্পর্ক, অর্জিত কর্মে
চিরকালীন ভাবাবেগের সমন্বয়।
পারি না পারবো না-কেন দেবো এ বার্তা
আগামীরে। ইতিবাচক চিন্তা চৈতন্যে
অগ্রগতিই হোক জীবন চালনার
মূল মন্ত্র। আঁধারে পূর্ণতা পাক প্রভা।
















আমার Galaxy থেকে পাঠানো হয়েছে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শ্রুতি, শ্রদ্ধা, জ্ঞান

পথদিশারী

অপারাজেয়